প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালিদের কাছে দার্জিলিং শুধুমাত্র একটি পাহাড়ি শহর নয়—এটি এক আবেগ, যা শৈশবের স্মৃতি, পারিবারিক ভ্রমণ, সাহিত্য এবং বঙ্গের সিনেমাজগতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে বাঙালির এই চিরন্তন আকর্ষণ সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদেরও অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
টাইগার হিলের সোনালি সূর্যোদয়, ঐতিহ্যবাহী টয় ট্রেন, সবুজে মোড়া চা-বাগান এবং শান্ত বৌদ্ধ মঠ—সব মিলিয়ে পাহাড়ের রানি দার্জিলিং কখনওই ভ্রমণপিপাসুদের মুগ্ধ করতে ব্যর্থ হয় না। তবে আসতে হবে সঠিক সময়ে সঠিক প্ল্যান করে, কারণ দার্জিলিঙের আবহাওয়া তথা শহরতলীর সচলতা , দুইয়েরই পরিবর্তন ঘটে বছরের বিভিন্ন সময়ে। এই গাইডে জেনে নিন দার্জিলিং শহরের সেরা দর্শনীয় স্থানগুলি (Best places to visit in Darjeeling Town), গুরুত্বপূর্ণ ভ্রমণ-পরামর্শ এবং একটি নিখুঁত দার্জিলিং সাইটসিয়িং (Darjeeling Sightseeing) পরিকল্পনার খুঁটিনাটি।
Table of Contents
দার্জিলিং-এর সেরা ১০টি দর্শনীয় স্থান (Darjeeling Sightseeing – Local)
১. পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (দার্জিলিং চিড়িয়াখানা)

প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত জুলজিক্যাল পার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিশ্বের অন্যতম অগ্রণী। হিমালয়ের বিলুপ্তপ্রায় প্রজাতি, বিশেষ করে রেড পান্ডা, স্নো লেপার্ড (তুষার চিতা) এবং তিব্বতি নেকড়ের সফল প্রজনন কর্মসূচির জন্য এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বার্চ হিলের ঘন সবুজ বনভূমির মধ্যে অবস্থিত হওয়ায় এখানে প্রাণীদের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখানকার পথগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক ঝলক দেখা মেলে। প্রচলিত শহুরে চিড়িয়াখানার তুলনায় Darjeeling Zoo অনেক বেশি প্রাকৃতিক ও বনভূমির অনুভূতি দেয়।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ৩ কিম।
- থাকার ব্যবস্থা: দার্জিলিং শহরে মেফেয়ার দার্জিলিং, দ্য এলগিন বা চৌরাস্তার আশপাশে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস।
- ভ্রমণের উপযুক্ত সময়: ২ থেকে ৩ ঘণ্টা (সাধারণত মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সাথে মিলিয়ে দেখা হয়)।
- প্রবেশ মূল্য: ভারতীয় এবং সার্ক (SAARC) ভুক্ত দেশের নাগরিকদের জন্য ১০০ টাকা; বিদেশিদের জন্য ৫০০ টাকা (এর মধ্যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রবেশ মূল্যও অন্তর্ভুক্ত)। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশ।
- আশেপাশের আকর্ষণ: হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI), দার্জিলিং রোপওয়ে এবং হ্যাপি ভ্যালি টি এস্টেট।
২. হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI)

১৯৫৪ সালে মাউন্ট এভারেস্টের প্রথম সফল আরোহণের স্মৃতিকে সম্মান জানাতে প্রতিষ্ঠিত হয় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI)। পর্বতারোহণপ্রেমীদের কাছে এটি একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এখানে একটি নামী মিউজিয়াম বা জাদুঘর রয়েছে, যেখানে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির ব্যবহৃত সরঞ্জামসহ পর্বতারোহণের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে।
আকাশ পরিষ্কার থাকলে ক্যাম্পাস থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি দৃশ্য দেখা যায়, যা তেনজিং নোরগের স্মারকসৌধের পটভূমি হিসেবে শোভা পায়। বর্তমানে এটি একটি সক্রিয় প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ছাত্র এবং দর্শনার্থীদের জন্য একটি ইনডোর এবং আউটডোর রক ক্লাইম্বিং ওয়াল রয়েছে।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ৩ কিমি (চিড়িয়াখানার একই কমপ্লেক্সের ভেতরে অবস্থিত)।
- থাকার ব্যবস্থা: দার্জিলিং শহরে মেফেয়ার, দ্য এলগিন বা চৌরাস্তার কাছে বাজেট গেস্টহাউস সহ প্রচুর হোটেল রয়েছে।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১ থেকে ১.৫ ঘণ্টা (সাধারণত চিড়িয়াখানার সাথেই দেখা হয়)।
- প্রবেশ মূল্য: চিড়িয়াখানার টিকিটের সাথেই যুক্ত (ভারতীয়দের জন্য ~১০০ টাকা; বিদেশিদের জন্য ~৫০০ টাকা)।
- আশেপাশের আকর্ষণ: পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং রোপওয়ে এবং হ্যাপি ভ্যালি টি এস্টেট।
৩. হ্যাপি ভ্যালি টি গার্ডেন (চা বাগান)

১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হ্যাপি ভ্যালি টি গার্ডেন দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীনতম চা-বাগান এবং শহর থেকে সহজে পৌঁছানো যায় এমন অন্যতম জনপ্রিয় টি এস্টেট। এটি উচ্চ মানের অর্গানিক বা জৈব চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং এর ঐতিহাসিক ফ্যাক্টরি বা কারখানার ভেতরে গাইডেড ট্যুরের সুবিধা রয়েছে। দর্শনার্থীরা এখানে চা পাতা শুকানো, রোলিং এবং ড্রাইং বা প্রক্রিয়াজাতকরণের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো নিজেদের চোখে দেখতে পারেন, যদিও বর্তমানে এটি বন্ধ অবস্থায় পরে আছে।
তবে, সবুজ পাহাড়ি ঢাল জুড়ে বিস্তৃত এই চা-বাগান প্রকৃতিপ্রেমী ও চা-প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। পরিষ্কার দিনে এখন থেকে কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ৩ কিমি।
- থাকার ব্যবস্থা: দ্য এলগিন, উইন্ডেমিয়ার হোটেল বা মলের কাছাকাছি বাজেট গেস্টহাউসের মতো প্রচুর হোটেল রয়েছে।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১ থেকে ২ ঘণ্টা।
- প্রবেশ মূল্য: বাগানে প্রবেশ বিনামূল্যে; তবে ফ্যাক্টরি গাইডেড ট্যুরের জন্য সাধারণত জনপ্রতি ১০০-১৫০ টাকা নেওয়া হয়।
- আশেপাশের আকর্ষণ: পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (দার্জিলিং চিড়িয়াখানা), হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI) এবং দার্জিলিং রোপওয়ে।
৪. রঙ্গীত ভ্যালি কেবল কার (দার্জিলিং রোপওয়ে)

ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে সুন্দর রোপওয়ে ব্যবস্থা হলো এই রঙ্গীত ভ্যালি কেবল কার (Rangeet Valley Cable Car)। এটি ৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত নর্থ পয়েন্ট (সিঙ্গামারি) থেকে রাম্মাম নদীর তীরের দিকে নেমে যায়। প্রায় ৫ কিলোমিটারের এই রাউন্ড-ট্রিপে টুকভার এবং বার্নসব্যাগের মতো ঘন সবুজ চা বাগান, পাহাড়ি নদী আর ঝরনার এক অপূর্ব দৃশ্য (aerial view) দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে পুরো যাত্রাপথে কাঞ্চনজঙ্ঘার ব্যাকগ্রাউন্ড ফুটে ওঠে ও এক জাদুকরী সৌন্দর্য উপহার দেয়। তবে পিক সিজনে এখানে বেশ লম্বা লাইনে অপেক্ষা করতে হতে পারে।
- দার্জিলিং শহর/মল থেকে দূরত্ব: প্রায় ৩ কিমি (সিঙ্গামারিতে অবস্থিত)।
- থাকার ব্যবস্থা: স্টার্লিং দার্জিলিং, মেফেয়ার হোটেল বা মলের কাছাকাছি বিভিন্ন হোমস্টে।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১ থেকে ২ ঘণ্টা ।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য ৩৫০ টাকা; শিশুদের জন্য ২৫০ টাকা।
- আশেপাশের আকর্ষণ: সেন্ট জোসেফস স্কুল (নর্থ পয়েন্ট), হ্যাপি ভ্যালি টি এস্টেট, চিড়িয়াখানা এবং HMI।
৫. জাপানিজ পিস প্যাগোডা

জলপাহাড়ের চূড়ায় অবস্থিত জাপানিজ পিস প্যাগোডা একটি রাজকীয় বৌদ্ধ স্তূপ এবং এটি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু মুক্ত-কাঠামো (free-standing structure)। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। এখানে ভগবান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো প্রদর্শনকারী চারটি সোনার প্রলেপ দেওয়া মূর্তি রয়েছে। পরিষ্কার দিনে এই প্যাগোডা থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক অতুলনীয় দৃশ্য উপভোগ করা যায়। পাশেই অবস্থিত নিপ্পনজান মিয়োহোজি মন্দিরের প্রার্থনা অনুষ্ঠান পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ২.৫ কিমি (গাড়িতে ১০-১৫ মিনিট বা হেঁটে চড়াই রাস্তায় ৩০-৪০ মিনিট)।
- থাকার ব্যবস্থা: পাহাড়ি সোল, সামিট সুইস হেরিটেজ রিসোর্ট, মাসকাটেল ভূমসাং বা সিনক্লেয়ার্স দার্জিলিং।
- ভ্রমণের উপযুক্ত সময়: ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা।
- আশেপাশের আকর্ষণ: জাপানি বৌদ্ধ মন্দির (একই চত্বরে), ডালি মনাস্ট্রি এবং আভা আর্ট গ্যালারি।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: কোনো প্রবেশ মূল্য নেই (সম্পূর্ণ বিনামূল্যে)।
৬. টাইগার হিল

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত টাইগার হিল দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সূর্যোদয় দর্শন স্থান। পরিষ্কার আকাশে যখন ভোরের প্রথম আলো ফোটে, তখন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং দূরবর্তী মাউন্ট এভারেস্টের বরফে ঢাকা চূড়াগুলো এক সোনালি আভায় ঝলমল করে ওঠে।
সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এটি এই অঞ্চলের সর্বোচ্চ স্থান। সাধারণত পর্যটকরা অবজারভেটরি টাওয়ারে ভালো জায়গা পাওয়ার জন্য ভোর ৪টের মধ্যেই এখানে পৌঁছে যান। এটি দার্জিলিং ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ, তবে পিক সিজনে এখানে বেশ ভিড় হতে পারে।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ১১ কিমি।
- থাকার ব্যবস্থা: Ros jeses Homestay, বা ঘুম/ দার্জিলিং শহরের যেকোনো হোটেল (Examp. স্টার্লিং দার্জিলিং, ওরিয়ন রিট্রিট)।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১ থেকে ২ ঘণ্টা (ভোরবেলা)।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা; অবজারভেটরি টাওয়ারের সিট ২০ থেকে ৪০ টাকা; শেয়ার গাড়িতে জনপ্রতি ২০০-৪০০ টাকা এবং রিজার্ভ গাড়ির ক্ষেত্রে ১৫০০-২৫০০ টাকা ভাড়া লাগতে পারে।
- আশেপাশের আকর্ষণ: বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি এবং সেঞ্চল অভয়ারণ্য।
৭. বাতাসিয়া লুপ

বাতাসিয়া লুপ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি চমৎকার ইঞ্জিনিয়ারিং বিস্ময়। টয় ট্রেন যাতে একটি ৩৬০-ডিগ্রি সর্পিল বা স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে ১৪০ ফুটের খাড়া ঢাল বেয়ে সহজে নেমে আসতে পারে, সেইধরণের প্রযুক্তি কাজে লাগিয়ে এটি তৈরি করা হয়েছিল। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরের স্কাইলাইনের এক বিস্তৃত ও বাধাহীন দৃশ্য দেখা যায়; তবে অবশ্যই আকাশ পরিষ্কার থাকা চাই। এর কেন্দ্রস্থলে সুন্দরভাবে সাজানো বাগানের মাঝে রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, যা বীর শহীদ সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
সর্বোপরি, মেঘের বুক চিরে বাষ্পীয় ইঞ্জিন (Steam Engine) যখন হুইসেল বাজাতে বাজাতে, ধোঁয়া উড়িয়ে লুপের মধ্য দিয়ে অতিক্রম করে, সে দৃশ্য সত্যিই অবিস্মরণীয়।
- দার্জিলিং শহর/মল থেকে দূরত্ব: প্রায় ৫ কিমি।
- থাকার ব্যবস্থা: স্টার্লিং দার্জিলিং, সামিট গ্রেস হোটেল বা ঘুম এলাকার স্থানীয় হোমস্টে।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১-২ ঘণ্টা।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা; তবে DHR জয় রাইডের টিকিটের মূল্য আলাদা (প্রায় ১,০০০ থেকে ১,৬০০ টাকা)।
- আশেপাশের আকর্ষণ: ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া ইকো গার্ডেন, টাইগার হিল, পিস প্যাগোডা এবং DHR মিউজিয়াম।
বাতাসিয়া লুপ ভ্রমণের আনন্দ কীভাবে নেবেন: মূলত দুটি উপায়ে বাতাসিয়া লুপের অভিজ্ঞতা নেওয়া যায়:
- দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (টয় ট্রেন) এর মাধ্যমে: সবচেয়ে স্মরণীয় উপায় হলো দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বিখ্যাত টয় ট্রেনের জয় রাইড নেওয়া। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই টয় ট্রেনটি বাতাসিয়া লুপ দিয়ে যাওয়ার সময় ধীর গতিতে চলে, যা আপনাকে পাহাড়ি দৃশ্য উপভোগ করার পাশাপাশি ঔপনিবেশিক আমলের নস্টালজিক অনুভূতি দেবে। যারা প্রথমবার আসছেন এবং যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই জয় রাইড highly recomended।
- গাড়ির মাধ্যমে: দর্শনার্থীরা দার্জিলিং শহর থেকে লোকাল সাইটসিয়িং গাড়ি ভাড়া করেও বাতাসিয়া লুপ ঘুরে দেখতে পারেন। এটি বিশেষ করে সেইসব পর্যটকদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও সাশ্রয়ী বিকল্প, যা একই ট্রিপে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি এবং পিস প্যাগোডার মতো একাধিক আকর্ষণ কভার করতে চান।
৮. ঘুম মনাস্ট্রি (ইগা চোলিং)

১৮৫০ সালে প্রতিষ্ঠিত ইগা চোলিং মনাস্ট্রি হলো দার্জিলিং অঞ্চলের সবচেয়ে প্রাচীন তিব্বতি বৌদ্ধ বিহার। এর প্রধান আকর্ষণ হলো মৈত্রেয় বুদ্ধের একটি ১৫ ফুট উঁচু সোনালি মূর্তি, যা “ভবিষ্যতের বুদ্ধ” কে নির্দেশ করে এবং এটি সোনা ও মূল্যবান রত্নপাথর দিয়ে সুশোভিত। প্রাচীন পাণ্ডুলিপি এবং উজ্জ্বল ফ্রেস্কো চিত্রে সমৃদ্ধ কুয়াশায় মোড়া পাহাড়ি পরিবেশের মধ্যে অবস্থিত এই মঠে এক শান্ত ও আধ্যাত্মিক আবহ বিরাজ করে। আকাশ পরিষ্কার থাকলে মন্দিরের উঠোন থেকেও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক শান্ত ও ধ্যানমগ্ন দৃশ্য উপভোগ করা যায়।
- দার্জিলিং শহর/মল থেকে দূরত্ব: প্রায় ৮ কিমি।
- থাকার ব্যবস্থা: স্টার্লিং দার্জিলিং, সামিট গ্রেস বুটিক হোটেল বা ঘুম এলাকার স্থানীয় হোমস্টে।
- ভ্রমণের উপযুক্ত সময়: ৩০ থেকে ৪৫ মিনিট।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে; তবে গর্ভগৃহের ভেতরে ছবি তোলার জন্য ১০-২০ টাকার একটি সামান্য ফি দিতে হয়।
- আশেপাশের আকর্ষণ: বাতাসিয়া লুপ, টাইগার হিল এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম।
৯. রক গার্ডেন (বারবোটি রক গার্ডেন)

রক গার্ডেন বা বারবোটি রক গার্ডেন হলো প্রাকৃতিক চুন্নু সামার ফলস (Chunnu Summer Falls)-কে কেন্দ্র করে তৈরি একটি বহুতলবিশিষ্ট সুন্দর উদ্যান (ধাপে ধাপে সাজানো বাগান)। এটি ল্যান্ডস্কেপিংয়ের এক অনন্য নিদর্শন, যেখানে বসার জায়গা এবং ফুলের কেয়ারিগুলো সরাসরি পাথুরে ঢাল কেটেই তৈরি করা হয়েছে। বাগানটি একটি উপত্যকার গভীরে অবস্থিত হওয়ায় এখান থেকে মূলত পাহাড়ি ঝরনা এবং ঘন সবুজের নান্দনিক দৃশ্যই বেশি দেখা যায়, তবে খুব পরিষ্কার দিনে দূর দিগন্তে হিমালয়ের চূড়াও চোখে পড়তে পারে।
শান্ত ও সুসজ্জিত প্রকৃতির মাঝে সময় কাটাতে এবং ছবি তুলতে যারা ভালোবাসেন, তাদের জন্য এটি এক চমৎকার জায়গা।
- দার্জিলিং মল থেকে দূরত্ব: প্রায় ১০ কিমি (খাড়া এবং আঁকাবাঁকা রাস্তা দিয়ে নামতে গাড়িতে ৩০-৪০ মিনিট সময় লাগে)।
- থাকার ব্যবস্থা: অরেঞ্জ গার্ডেন হোমস্টে, ব্লুমফিল্ড গেস্ট হাউস বা দার্জিলিং/ঘুম শহরের কোনো হোটেল।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১.৫ থেকে ২ ঘণ্টা।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: ভারতীয়দের জন্য ২০ টাকা; বিদেশিদের জন্য ৫০ টাকা; বোটিংয়ের জন্য ৫০ টাকা।
- আশেপাশের আকর্ষণ: গঙ্গা মায়া পার্ক (আরও ৩ কিমি নিচে), চুন্নু সামার ফলস (বাগানের ভেতরেই অবস্থিত) এবং স্থানীয় চা বাগান।
১০. চৌরাস্তা (দার্জিলিং মল)

চৌরাস্তা বা ‘দার্জিলিং মল’ হলো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র—এই স্থানটি দার্জিলিংয়ের আসল আমেজ অনুভব করার সেরা ঠিকানা। এটি সম্পূর্ণ “নো-ভেহিকল” বা গাড়ি-নিষিদ্ধ জোন হওয়ায় শান্তিতে হাঁটাচলা করা, কেনাকাটা, এবং অলস সময় কাটানোর জন্য আদর্শ। মলের উত্তরের রাস্তা থেকে, বিশেষ করে সূর্যাস্তের সময়ে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক অসাধারণ দৃশ্য দেখা যায়। সন্ধ্যার সময় ঐতিহ্যবাহী কাঠের বেঞ্চ, দোকানপাট, অক্সফোর্ড বুকস্টোরের মতো হেরিটেজ দোকান, এবং বিখ্যাত ক্যাফেগুলি এই স্থানকে বিশেষ আকর্ষণীয় করে তোলে।
- দার্জিলিং শহর/মল থেকে দূরত্ব: ০ কিমি (এটিই শহরের কেন্দ্রবিন্দু)।
- থাকার ব্যবস্থা: উইন্ডেমিয়ার হোটেল, দ্য এলগিন, মেফেয়ার দার্জিলিং এবং গান্ধী রোড বা নেহেরু রোডের বিভিন্ন হোটেল।
- ভ্রমণের উপযুক্ত সময়: ১ থেকে ২ ঘণ্টা (বিকেলের শেষে বা সন্ধ্যায় সবচেয়ে ভালো লাগে)।
- আনুমানিক বাজেট/প্রবেশ মূল্য: বিনামূল্যে (কোনো প্রবেশ মূল্য নেই)।
- আশেপাশের আকর্ষণ: অবজারভেটরি হিল (মহাকাল মন্দির), অক্সফোর্ড বুকস্টোর, গ্লেনারিজ বেকারি এবং দাস স্টুডিও।
দার্জিলিং সাইটসিয়িং ট্রিপের পরিকল্পনা কীভাবে করবেন এবং ভ্রমণের সেরা সময়
দার্জিলিং ভ্রমণের আনন্দ পুরোপুরি উপভোগ করার সেরা উপায় হলো দার্জিলিং মলের কাছাকাছি (১-১.৫ কিমি-র মধ্যে) কোনো হোটেলে থাকা। তাতে আপনি সন্ধ্যার সময়টা দার্জিলিং মলে কাটাতে পারবেন; মল থেকে দূরে থাকলে আবার সেই গাড়ি ভাড়া করে মলে আসার ঝক্কি।
পৌঁছানোর দিনটি দার্জিলিং মলে ঘুরে অলসভাবে কাটাতে পারেন। ওই দিন সন্ধ্যায় পরের দিনের সাইটসিয়িংয়ের জন্য একটি গাড়ি বুক করে নিন। একটি স্ট্যান্ডার্ড ৭-পয়েন্ট (7-point) দার্জিলিং সাইটসিয়িং ট্যুরের জন্য সাধারণত প্রায় ২,৫০০ টাকা ভাড়া লাগে।
দ্বিতীয় দিনে খুব ভোরে বিখ্যাত টাইগার হিলের সূর্যোদয় দেখার মাধ্যমে আপনার যাত্রা শুরু করুন। এরপর ফেরার পথে ঘুম রেলওয়ে স্টেশন, বাতাসিয়া লুপ এবং ঘুম মনাস্ট্রি দেখে নিন। আপনি চাইলে এর সাথে রক গার্ডেনও যুক্ত করতে পারেন, যদিও এটি স্ট্যান্ডার্ড ৭-পয়েন্ট প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে না। এরপর জাপানিজ পিস প্যাগোডা ঘুরে চলে যান পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (দার্জিলিং চিড়িয়াখানা) এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI) দেখতে, দুটিই একই ক্যাম্পাসের ভেতরে অবস্থিত। সময় থাকলে এরপর রঙিত ভ্যালি ক্যাবল কার এবং হ্যাপি ভ্যালি টি গার্ডেনও ঘুরে আসতে পারেন।
যেহেতু এই রুটটি কিছুটা ব্যস্ত বা হেক্টিক হতে পারে, তাই অনেক পর্যটক টাইগার হিল অন্য একটি দিনে দেখার পরিকল্পনা করেন এবং তার সাথে আশেপাশের আকর্ষণ যেমন—লেপচাজগৎ, লামাহাট্টা, তাকদহ, তিনচুলে, পেশক, রংলি রংলিয়ট চা বাগান বা মিরিক-গোপালধারা-পশুপতি মার্কেট ঘুরতে পছন্দ করেন।
বিস্তারিত জানতে এখানে দেখুন>>
দার্জিলিং ভ্রমণের সেরা সময়
মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে পরিষ্কার দৃশ্য পেতে হলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দার্জিলিং ভ্রমণ করুন। আর যদি মনোরম আবহাওয়া, পরিষ্কার আকাশ এবং স্বস্তিদায়ক সাইটসিয়িংয়ের কম্বিনেশন চান, তবে নভেম্বর, মার্চ এবং এপ্রিল হলো সবচেয়ে সেরা মাস।
সম্ভব হলে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সময়গুলো (Peak Season) এড়িয়ে চলুন—যেমন দুর্গাপূজা (অক্টোবর), ক্রিসমাস ও নিউ ইয়ার (ডিসেম্বর) এবং গরমের ছুটি (মে থেকে জুনের মাঝামাঝি)। এই সময়ে দার্জিলিংয়ে তীব্র ট্রাফিক জ্যাম হয় (এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ২-৩ ঘণ্টাও লেগে যেতে পারে), দর্শনীয় স্থানগুলোতে লম্বা লাইন পড়ে এবং টয় ট্রেন বা ক্যাবল কারের (রোপওয়ে) টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই সার্বিকভাবে দারুণ অভিজ্ঞতার জন্য নভেম্বর, মার্চ বা এপ্রিল মাসে আপনার ট্রিপ প্ল্যান করুন।
[বিস্তারিত দেখুন]
শেষ কথা
দার্জিলিং কেবল একটি ডেস্টিনেশন বা ভ্রমণের জায়গা নয়—এটি এমন এক অনুভূতি যা ট্রিপ শেষ হওয়ার পরও দীর্ঘদিন আপনার মনে থেকে যাবে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় প্রথম সূর্যের আলো পড়ার দৃশ্য দেখা, দার্জিলিং চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় রেড পান্ডা খুঁজে পাওয়া, ঐতিহাসিক টয় ট্রেনে চড়া কিংবা চৌরাস্তায় বসে খাঁটি দার্জিলিং চায়ের কাপে চুমুক দেওয়া—প্রতিটি মুহূর্তই এখানে স্পেশাল।
দার্জিলিংয়ের আসল জাদু লুকিয়ে আছে এর প্রাকৃতিক সৌন্দর্য, ঔপনিবেশিক ঐতিহ্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং পাহাড়ের চিরন্তন শান্ত পরিবেশের এক অনন্য মেলবন্ধনে। এই গাইডে দার্জিলিং শহরের প্রধান দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হলেও এর আশেপাশের অঞ্চলেও দারুণ সব অভিজ্ঞতা অপেক্ষা করে আছে। লামাহাট্টার পাইন বন, তাকদহ ও তিনচুলের শান্ত গ্রাম থেকে শুরু করে মিরিকের নয়নাভিরাম ল্যান্ডস্কেপ—এখানে নতুন কিছু আবিষ্কার করার শেষ নেই।
তাই বুদ্ধি খাটিয়ে আপনার ট্রিপ প্ল্যান করুন, পিক সিজনের ভিড় এড়িয়ে চলুন এবং ‘পাহাড়ের রানি’-কে মনেপ্রাণে উপভোগ করার জন্য নিজেকে কিছুটা সময় দিন। দার্জিলিংয়ের আসল আনন্দ তাড়াহুড়ো করে নয়, বরং ধীরে ধীরে উপভোগ করতে হয়—একটা একটা করে সূর্যোদয় দেখে, চায়ের কাপের চুমুকে আর এক-একটি অবিস্মরণীয় দৃশ্যে হারিয়ে গিয়ে।
